ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তার তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলে যান। বুধবার তিনি ওই উপকূলীয় অঞ্চলে যান। এ সময় তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চল পরিদর্শন করেন।

এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার উপকূলীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন।

রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন সকাল ১০টা ১২ মিনিটের দিকে হ্যালিকপ্টারে করে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার একটি হ্যালিপ্যাডে অবতরণ করেন। এরপর তিনি শ্যামনগরের কুলতী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।

এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন। সাধারণ জনগোষ্ঠীর সাথে কথা বলা শেষে রাজকুমারী কাছের একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড়ের সময় এটা কিভাবে ব্যবহার করা হয়, ব্যবস্থাপনা কেমন করে করতে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।

পরে ডেনিস রাজকুমারী তার সফরসঙ্গীদের নিয়ে বেড়ি-বাঁধে যান। সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সাথে কথা বলে কিভাবে তারা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন ইত্যাদি বোঝার চেষ্টা করেন। বিকেলে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।

ডেনিস রাজকুমারীর আগমন উপলক্ষে সাতক্ষীরার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। রাজকুমারীর ভ্রমণ এলাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।