জয়দেবপুর-ময়মনসিংহ ফোর লেন সড়কের ভালুকা অংশের বাসস্ট্যান্ড থেকে প্রায় থানামোড় পর্যন্ত ১৮৬ মিটার সড়কের পূর্ব অংশে দুই লেন বন্ধ করে প্রায় এক মাস ধরে ধীরগতিতে সংস্কার কাজ চলছে। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও পথচারীরা। এতে ঈদের ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন ধরেনের যানবাহন ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন দিয়ে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে যেতে হচ্ছে। অপরদিকে ময়মনসিংহগামী যানবাহন ইউটার্ন পর্যন্ত আসতেই ঢাকাগামী ও ময়মনসিংহগামী যানবাহন মুখোমুখি হয়ে ভালুকা অংশে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এমনকি এই অংশে গাড়ি ধীরগতিতে চলার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে তিন থেকে চারগুণ সময় লেগে যায়।
দূরপাল্লার বাসের চালক ও হেলপাররা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা থেকে ভালুকা পর্যন্ত চলে এলেও সংস্কার কাজের কারণে এখানে এসে থেমে যেতে হয়। যেভাবে কাজ চলছে ঈদের ছুটিতে মহাসড়কের এ অংশে গাড়ির চাপ আরো বাড়বে। এমনকি সড়কের এমন অবস্থা চলমান থাকলে এ পথের ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।
পথচারী ও স্থানীয়রা জানান, প্রায় ১১ বছর আগে ভালুকা অংশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে ফোর লেনের কাজটি করা হয়। যে কারণে এ কয়েক বছরেই রাস্তাটি দেবে গিয়ে এমনকি কোথাও কোথাও বড় বড় খাদের সৃষ্টি হয়ে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে। এ অংশে সংস্কার কাজটি আরো এক মাস আগে শুরু হলে ঈদে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হতো না।
ময়মনসিংহ সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ফোর লেন সড়কের ভালুকা অংশের অবস্থা খুব খারাপ হয়ে পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান রিল্যায়াবল বিল্ডার্স লিমিটেড ময়মনসিংহের সিকারীকান্দায় যে কাজটির কার্যাদেশ পেয়েছেন তা থেকে রাস্তা কেটে এনে ভালুকা অংশের পূর্ব পাশে ১৮৬ মিটার সংস্কার করা হচ্ছে। প্রায় একমাস আগে সংস্কার কাজটি শুরু করা হলেও আগামী ১৪ মে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারব বলে ধারণা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের সময়টায় ঘরমুখো মানুষদের একটু ভোগান্তি তো হতেই পারে।
উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগব্যবস্থাকে সহজতর, আরামপ্রদ, নিরাপদ ও যানজটমুক্ত করার লক্ষ্যে ২০১০ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার ফোর লেনে উন্নীতকরণের লক্ষ্যে ৯০২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়। পরবর্তীতে কাজ শুরু করতে দেরি^ হওয়ায় নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় প্রকল্পের সংশোধিত ব্যয় ১ হাজার ৮০০ কোটি টাকায় গিয়ে ঠেকে।



