রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে একটি নির্মাণাধীন সেতু ঢালাইয়ের সময় ধসে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের একটি গার্ডার সেতুতে বৃহস্পতিবার সকালে ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ সেতুটি ধসে গিয়ে বেশ কিছু শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক নামের এক শ্রমিক মারা যান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিসিৎসক ডা. সৈকত আকবর চৌধরী বলেন, শ্রমিক নির্মাণাধীন সেতু ভেঙে আহত ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন।



