গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে বুধবার সকালে মোজাম্মেল হক মিশু (৩০) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোজাম্মেল হক মিশু পাশের বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ায় পরিবার নিয়ে ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘ দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়াবাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতের কোনো একসময় যাত্রীবেশী ছিনতাইকারী দল তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
থানার ওসি ইজার উদ্দীন জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।