গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ ও রামদিয়া সরকারি এস কে কলেজ ছাত্রলীগ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। এ সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সড়কের উপর বসে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহিনুর চৌধুরীসহ প্রশাসনের ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।