কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার ভোর ৫টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কামরুল হাসান শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কামরুল আহসান শাহজাহানকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুমের জানাজার নামাজ বাদ জোহর জেলা শহরের শহীদি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ নিয়ে যাওয়া হবে তার নিজ বাড়ি মিঠামইন উপজেলার মহিষারকান্দিত গ্রামে। বাদ আসর সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হবে।

কামরুল আহসান শাহজাহান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কিশোরগঞ্জ আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসেবে আইন পেশার সাথে যুক্ত ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালীন ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।