চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গাছের ডাল পড়ে কৌশিক (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী।
বুধবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা হঠাৎপাড়া ও বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
নিহত কৌশিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের শাহ আলম খানের ছেলে ও আহত হৃদয় কুষ্টিয়া জেলার আব্দুল মোমিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের হঠাৎপাড়া-দর্শনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে সরকারি একটি মরা নিম গাছ কাটছিল কয়েকজন। এ সময় গাছের ডাল ভেঙ্গে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মোটরসাইকেল চালক কৌশিক ঘটনাস্থলেই মারা যায় এবং আরোহী হৃদয় আহত হয়।
অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সোহরাব হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর কৌশিককে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এছাড়া হৃদয় শঙ্কামুক্ত। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।
দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, সরকারি একটি নিম গাছ বিনা অনুমতি কে বা কারা কাটছিল। এ সময় একটি ডাল ভেঙে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরোহী। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।



