দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় টেপু (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রম্মচারী নামক স্থানের অম্রবাড়ী মাদরাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নীলফামারী জেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বেতঘেরা বাবুপাড়া গ্রামের মৃত ছবিউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ধানকাটা শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধানকাটার জন্য নীলফামারী ডোমার থেকে এসে পার্বতীপুর বাসস্ট্যান্ড থেকে ভ্যান ভাড়া করে ভ্যানচালকসহ নয়জন শ্রমিক তিলকপুর যাওয়ার উদ্দেশে রওনা হন। বিরামপুর যাওয়ার পথে আম্রবাড়ী মাদরাসার সামনে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানে থাকা শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই টেপু নিহত হন।
তারা বলেন, এ সময় আহত হন ভ্যানচালক সাজিদুর রহমান (৫১) ও শ্রমিক শহিদুল ইসলাম (৫১)।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।



