বরগুনায় নিখোঁজের এক দিন পর রওশন আরা (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রওশন আরা একই এলাকার মৃত জয়নুদ্দিনের স্ত্রী। বুধবার দুপুরে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হারুনের বিরুদ্ধে। তিনি এখন পলাতক রয়েছেন। বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, স্থানীয়রা বাড়ির পাশে নতুন মাটি খোঁড়া দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
মৃতের ছেলে জব্বার হাওলাদার জানান, তাদের ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। স্থানীয়রা এ নিয়ে হারুনকে সন্দেহ করে। গত মঙ্গলবার রাতে হারুনের সাথে রওশন আরার সাথে তর্কও হয়েছিল। একপর্যায়ে হারুন রওশন আরাকে হুমকি দেয়। পরে ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন রওশন আরা। একই সাথে ওই রাত থেকেই লাপাত্তা হন হারুন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম আসছে। তদন্ত প্রক্রিয়া শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।