পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক দুলাল হাওলাদার (৩৩) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মারা যান। শুক্রবার সকালে ঘাতক ফয়সালসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত দুলাল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ঘটক কুটি মিয়া হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিহত দুলালের ভাইপো শিশু বেল্লালের (৫) সাথে প্রতিবেশী রেবা বেগমের পুত্র ইফাতের (১০) পুকুরে সাঁতার নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে যা চরম আকার ধারণ করে। ওই বিরোধ ধরে বৃহস্পতিবার সকালে নিহত দুলালের ছোট ভাই ইজিবাইকচালক হেলাল বাড়ির সামনে দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ রেবা বেগমের ভাই রমজান, ফয়সাল ও চাচাত ভাই ওমর হেলালকে মারধর করেন।
জানা যায়, ঘটনার দিন বিকেলে নিহত দুলাল প্রতিপক্ষের কাছে ছোট ভাই হেলালকে মারধরের কারণ জানতে চাইলে কিশোর গ্যাং সদস্য রমজান (২২), ওমর (১৭), ফয়সালসহ (২৮) সাত থেকে আটজনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে দুলালকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক দুলালকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। দুলাল শেবাচীম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান।
এদিকে গতকাল রাতে নিহত দুলালের পিতা কুটি মিয়া প্রতিপক্ষ রমজান, ফয়সাল, ওমরসহ ছয়জন ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় রাতেই মামলা রুজু হয়। পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। জড়িত আসামিদের চারজন গ্রেফতার হলেও বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



