পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবক দুলাল হাওলাদার (৩৩) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মারা গেছেন। নিহত দুলাল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ঘটক কুটি মিয়ার হাওলাদারের ছেলে। পুলিশ এ ঘটনায় শুক্রবার সকালে ঘাতক ফয়সালসহ চারজনকে আটক করে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিহত দুলালের ভাইপো শিশু বেল্লালের (৫) সাথে প্রতিবেশী রেবা বেগমের ছেলে ইফাতের (১০) পুকুরে সাঁতার কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয় এবং পরে তা চরম আকার ধারণ করে। তার জেরে বৃহস্পতিবার সকালে নিহত দুলালের ছোট ভাই ইজিবাইক চালক হেলাল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ রেবা বেগমের ভাই রমজান, ফয়সাল ও চাচাতো ভাই ওমর তাকে মারধর করে। ঘটনার দিন বিকেলে নিহত দুলাল প্রতিপক্ষকে ছোট ভাই হেলালকে মারধরের কারণ জানতে চাইলে কিশোর গ্যাং সদস্য রমজান (২২), ওমর (১৭), ফয়সালসহ (২৮) আটজনের একটি দল দুলালকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক দুলালকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় রাতেই মামলা রুজু হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। জড়িত আসামিদের চারজন গ্রেফতার হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।