গাজীপুর-২ (টঙ্গী-সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও জাতীয় শ্রমিকলীগের সাবেক কার্যকরী সভাপতি আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালে এ দিনে তার বাসভবন সংলগ্ন টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন মঞ্চে দিন-দুপুরে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবার ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, টঙ্গী থানা আওয়ামী লীগ, আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদসহ বিভিন্ন দল ও সংগঠন তার গ্রামের বাড়ি হায়দরাবাদ, ঢাকা, টঙ্গী, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গাজীপুর মহানগরের হায়দরাবাদে আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, পবিত্র কুরআনখানি, গাজীপুরের সর্বত্র কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, স্মরণসভা, দোয়া মাহফিল, গণভোজ ও স্মরণিকা প্রকাশ প্রভৃতি। এছাড়া টঙ্গীর আহসান উল্লাহ মাস্টারের বাসভবন সংলগ্ন নোয়াগাঁও স্কুল মাঠে দিনব্যাপী কুরআনখানি, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। আহসান উল্লাহ মাস্টারের ছেলে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এক বিবৃতিতে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।



