গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডার চার সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বিভিন্ন গবেষণা মাঠ ও ল্যাব পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় কানাডা প্রতিনিধি দলের ড. বলজিৎ সিং, ভাইস-প্রেসিডেন্ট রিসার্চ, সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা, মি: স্টিফেন ভিশ্চার, সিবিই, জিআইএফএস, ড. এন্ড্রু শার্প, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ইন ফুড সিকিউরিটি, জিআইএফএস, এবং মি: হাসান পারভেজ আহমেদ, আন্তর্জাতিক কর্মসূচি উন্নয়ন ব্যবস্থাপক, জিআইএফএস উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, মো: সিরাজুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভায় সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. বলজিৎ সিং এবং বশেমুরকৃবির পক্ষে প্রফেসর ড. এ কে এম আমিনুল ইসলাম, পরিচালক (গবেষণা) নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ড উপস্থাপন করেন।
পরামর্শ সভায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি বিষয়ক সহযোগিতায় বিগত ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু গবেষণা চেয়ার’ স্থাপন, ঢাকায় জিআইএফএস আঞ্চলিক অফিস স্থাপন, জিআইএফএস-বশেমুরকৃবি এর যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডু কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।