চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ছরোয়ার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন। কলেজটির সাধারণ শিক্ষার্থীদের টানা ৭ ঘণ্টা আন্দোলনের মুখে শনিবার সন্ধ্যার আগে তিনি সেচ্ছায় পদত্যাগ করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত পদত্যাগপত্রে গোলাম ছরোয়ার ব্যক্তিগত কারণ দেখিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর সহকর্মীদের উদ্দেশে তিনি বিদায়ী বক্তব্য দেন। তিনি বলেন, ‘২০১৮ সালের ২৪ জানুয়ারি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তার সভাপতিত্বে ১১ সদস্যবিশিষ্ট কমিটি আমাকে নিয়োগ দেয়। চেয়ারে বসার পর থেকে নিয়ম মেনে দায়িত্ব পালন করেছি।’
তবে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবৈধ, দুর্নীতিবাজ, স্বৈরাচারী ও ঘুষখোর আখ্যা দিয়ে শনিবার সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুরের পর শিক্ষকেরা সংহতি প্রকাশ করলে আন্দোলন আরো চাঙা হয়ে ওঠে। উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসনিক ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গোলাম ছরোয়ার পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আনন্দ মিছিল করতে করতে কলেজ চত্বর ত্যাগ করেন। পদত্যাগী গোলাম ছরোয়ার সন্ধ্যায় বাড়ির পথে রওনা দেন।