চাঁদপুর জেলা জজ আদালত ভবনের খাস কামরায় চুরির ঘটনায় সৌরভ নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সৌরভ মাদকাসক্ত অবস্থায় এ ঘটনা ঘটিয়েছে।
সোমবার (৯ মে) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে ওসি আব্দুর রশীদ।
ওসি আরো বলেন, ‘অতিরিক্ত মাদক সেবন করে সৌরভ নামে ওই যুবক জেলা জজ স্যারের খাস কামরায় ঢুকে যায়। এরপর বিভিন্ন মালামাল বস্তাবন্দি করে নিচে নিয়ে এলে অতিরিক্ত পরিশ্রমে ঘাম ঝড়ে তার নেশা কেটে যায়। পরে সে মালামাল ডোবার পাশে ফেলে চলে যায়।’
ওসি আব্দুর রশীদ বলেন, ‘সিসিটিভি’র ফুটেজ চেক করে এর সত্যতা পাওয়া গেছে। চুরিকৃত সকল মালামাল উদ্ধার হয়েছে বলে বিচারকগণ নিশ্চিত করেছেন।’
সৌরভ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে অধিকতর তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা জজের ভবনের খাস কামরায় চুরির ঘটনায় শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর এক দিন পার হতেই চোরকে আটক করতে সক্ষম হলো পুলিশ।



