দিনাজপুরের ফুলবাড়ীতে রেলে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন অজ্ঞাতপরিচয় এক নারী। রক্তক্ষরণের অবস্থায় রেললাইনের পাশ থেকে স্থানীয়রা ৪৫-৫০ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করেন। থানা পুলিশ জানিয়েছে, কোনো কথা বলতে না পারায় তার নাম-পরিচয় মেলেনি এখনো।

সোমবার (৯ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী রেলস্টেশনের উত্তর দিকে রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় এই বয়স্ক মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র আন্তঃনগর ট্রেন ফুলবাড়ী রেলস্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই মহিলা ট্রেন থেকে পড়ে গেলে তার ডান পায়ের কব্জির উপরের অংশ পর্যন্ত কাটা পড়ে। তার ডান হাতে সাদা শাঁখা পরা ছিল। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপালে পাঠান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাতপরিচয় ওই মহিলার পরিচয় নিশ্চিতের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেননি, ফলে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপালে পাঠিয়ে দেন।