ঝালকাঠিতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট দেখিয়ে অবৈধভাবে মজুদ করার অভিযোগ ওঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। অনেক ব্যবসায়ী তেল মজুত করে বাড়তি দামে সেগুলো বিক্রি করছেন।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা শহরের আড়তদারপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় গৌতম চন্দ্র হালদার নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে মজুত করা বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ওই ব্যবসায়ীকে।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস।

তিনি জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ী গৌতম চন্দ্র হালদারের গুদামে অভিযান পরিচালনা করা হয়। তার গুদাম থেকে ১৬ কেজির ৮০০ টিন, পাঁচ লিটারের ৩৪ কার্টুন, ১৬ লিটারের ৪৮টি কন্টিনার ও ৫০০ গ্রামের ১৬ বোতল তেল উদ্ধার করা হয়। পরে তা ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। আমাদের অভিযান অব্যহত থাকবে।