নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছে। নড়াইল পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে মঙ্গলবার বিকেলে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নড়াইলের সুলতান মঞ্চ এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা ফয়সাল সাদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ, এনামুল হক, শরিফুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন বিশ্বাস রাজু, স্কুলবিষয়ক সম্পাদক আল-আমিন মোল্যা, সন্দীপ মজুমদার, সজল আহম্মেদ শ্রাবণ, সাজ্জাদ হোসেন ববিসহ অনেকে।
বক্তারা মেয়র আঞ্জুমান আরার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। তারা বলেন, পৌর এলাকার ইজিবাইক থেকে আদায়কৃত টাকার বেশির ভাগই মেয়র আত্মসাৎ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর নামে ভুয়া ভাউচার দেখিয়ে সেই টাকা আত্মসাৎ করেছেন। এ সময় কাগজপত্র ও প্ল্যাকার্ড দেখিয়ে পৌরমেয়রের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ বিষয়ে মেয়র আঞ্জুমান আরা বলেন, কোনো ধরনের অর্থ আত্মসাতের প্রশ্নই ওঠে না। আমার ওপর সন্ত্রাসী হামলা আড়াল করতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে তারা।
এদিকে গত ২৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছ্বাস আলম ও সাবেক ছাত্রলীগ নেতা শাওন পৌর কার্যালয়ে মেয়রকে গালিগালাজ করায় তাদের নামে মামলা হয়েছে। ঘটনার পরদিন মেয়র বাদি হয়ে ওই তিনজনের নামে সদর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। আসামিদের গ্রেফতার দাবিতে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে আদালত চত্বর পর্যন্ত বিশাল এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল পৌরবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হাজারো মানুষ উপস্থিত ছিল।
এ সময় বক্তব্য রাখেন- নড়াইল পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক, রেজাউল বিশ^াস, কাউন্সিলর শরফুল আলম লিটু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস, ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, শ্রমিক নেতা মশিয়ার রহমান বিশ্বাস প্রমুখ। বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার দাবি করেন। এ ছাড়া সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানান।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



