কুষ্টিয়ায় মাদক মামলায় তিন মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ দণ্ড দেন। এ সময় তিন আসামির মধ্যে দুই আসামি আদালতে উপস্থিত ছিল। সাজাপ্রাপ্তরা হলো ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মণ্ডলের ছেলে আলমগীর এবং একই উপজেলার চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন বিকেলের দিকে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে আসামিদের প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাইওয়ে ও বিশেষ অভিযানে দায়িত্বরত পুলিশ।