গাজীপুরে ছাত্রলীগ নেতার মাদক কারবারের প্রতিবাদ করায় স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একইসাথে পরিবারটির সাথে আগামীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে- সে আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ওই সদস্য।
বৃহস্পতিবার গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই সদস্যের নাম আসাদুজ্জামান নূর। তিনি কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তার গ্রামের নাম দক্ষিণখাম। তিনি জানান, নিরাপত্তাহীনতায় ভুগে তিনি এই সংবাদ সম্মেলন করলেন।
আর অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রাজীব বেপারী। তিনি কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাদুজ্জামান নূর জানান, সাবেক ছাত্রলীগ নেতা রাজীব বেপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক কারবারে জড়িত। এদের মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার জন্য এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাকে বার বার অনুরোধ জানিয়ে আসছিলেন। এলাকাবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সম্প্রতি রাজীবদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করেন এবং ছেলেকে শাসন করে মাদক কারবার থেকে ফেরানোর অনুরোধ জানান। অন্যথায় এলাকার যুব সমাজকে রক্ষায় তিনি আইন শৃংখলা বাহিনীর দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়ে আসেন।
আসাদুজ্জামান নূর জানান, এতে ক্ষিপ্ত হয়ে পর দিনই রাজীব দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা তার ভাইকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও ছাত্রলীগ নেতা রাজীবের নেতৃত্বে এলাকায় আরো ব্যাপকভাবে মাদক কারবার চলছে এবং তার ও তার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন নূর।
রাজীবের বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতনসহ আরো একাধিক মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান ইউপি মেম্বার।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করে অভিযুক্ত রাজীব বেপারীকে পাওয়া যায়নি। তার বাবা ওসমান গণি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলে মাদকের সাথে জড়িত নয়। এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজীবের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।



