বগুড়া জেলার শেরপুরে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার ভবানীপুর-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও পাশের সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫০)। ফজর আলী খাজা পিংকি পরিবহনের বাসচালক ।
স্থানীয়রা জানান, বাসচালক ফজর আলী গাড়ি চালিয়ে রাতে চান্দাইকোনা আসেন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি মোটরসাইকেল ভাড়া করে বাড়িতে যাচ্ছিল। এ সময় জামনগর এলাকায় পৌঁছালে দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি মো: শহিদুর ইসলাম জানান, নিহতদের স্বজনরা তাদের লাশ নিয়ে গেছেন। অজ্ঞাত পরিবহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।



