জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু নিজের পুরস্কারের টাকা বিলিয়ে দিতে চান আর্তমানবতার সেবায়। পুরস্কারের এক লাখ টাকার সবটুকু অর্থ দিয়েই সাতক্ষীরায় জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার পুষ্টিহীন শিশুদের মাঝে খাদ্যসহায়তা করবেন তিনি। এর আগেও করোনাকালীন নিজের জার্সি বিক্রি করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখেন তিনি।
গত ২০২০ সালে করোনাকালীন তৈয়ব হাসান ২০১৩ সালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ভারত বনাম আফগানিস্তান) নিজের পরা ওই জার্সিটি নিলামে তোলেন। নিলামে জার্সিটি বিক্রি হয় ৫ লাখ ৫৫ হাজার টাকায়। সেই অর্থ বিতরণ করা হয় করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, সংগঠক, রেফারিসহ অনেকের মধ্যেই। ওই সময় খোদ ফিফা সভাপতি ইনফান্তিনো তাকে বিশেষ প্রশংসাপত্র পাঠিয়েছিলেন এ উদ্যোগ নেয়ার জন্য।