বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। তিনি বলেন, বিএনপিসহ বাংলাদেশের মানুষ ইভিএম মাধ্যমে নির্বাচন মানে না। বর্তমান সরকার ভোট চুরি নয়, ইভিএমের মাধ্যমে প্রতারণা করে আবার ক্ষমতায় আসতে চায়। তাই অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে ব্যালটের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের আঙ্গারিয়া বন্দর এলাকায় শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম শাহ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু প্রমুখ।



