সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি-গাড়িতে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ শুরু করে। এ সময় আওয়ামী লীগ দলী নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ১৫ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে বিএনপি। এ সময় পুলিশ উভয়পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সমাবেশ।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সম্প্রতি দল ও জোটের নেতাদের বাড়ি-গাড়িতে হামলার প্রতিবাদে শনিবার ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। প্রতিবাদ সমাবেশ শুরু করলে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় তা পণ্ড হয়ে যায়।
সমাবেশে অংশ নেয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন জানান, আওয়ামী লীগ সারা দেশে হামলা মামলা করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনটুকুও করতে দিচ্ছে না। তার প্রমাণ শনিবার ঝালকাঠিতেও তারা রেখেছে।