বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশ মাইক বন্ধ করে দেয়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জে পাঁচজন আহত হয়েছে ও এ সময় চারজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।
গতকাল বেলা ১১টায় মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ প্রধান অতিথি জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য প্রদানকালে মাইক্রফোন কেড়ে নিলে দলীয় নেতাকর্মীরা বাধা প্রদান করে। এ সময় পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিচার্জে সমাবেশ স্থল ত্যাগ করে শহরে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের ভায়নার মোড় এলাকায় পৌঁছলে পুলিশ সেখানে পেছন থেকে লাঠিচার্জ করে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, রাকিব লুৎফার ও মামুনকে আটক করে পুলিশি ভ্যানে তোলে।