ময়মনসিংহের ভালুকায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বালুর পরিমাণ কম দিয়ে এমনকি পানি ব্যবহার না করেই নি¤œমানের খোয়া দিয়ে কাজ করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ইতোমধ্যে মেয়াদকাল শেষ হলেও ৪০ ভাগ কাজ শেষ করে মেয়াদ বৃদ্ধির আবেদন করে কাজটি বন্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি-উথুরা সড়কে পচাগাঁও আবে ফকিরের মোড় থেকে উথুরা পাকা রাস্তা পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে কার্পেটিং কাজের দরপত্র আহ্বান করা হয়। চার কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ওই রাস্তার কাজ করার দায়িত্ব পায় সালমান এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œমানের খোয়া ও বালুর পরিমাণ কম দিয়ে ৪০ ভাগ কাজ করেছে।
স্থানীয় লোকজন জানান, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তার কাজ শুরু হলেও ঠিকাদার প্রথম থেকেই নি¤œমানের খোয়া, বালু দিয়ে কাজ করেছে। পানি ব্যবহার বাধ্যতামূলক হলেও এক ফোটা পানি ব্যবহার করা হয়নি। ঠিকাদার নিজে উপস্থিত না থেকে লোক দিয়ে যেনতেনভাবে কাজ করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান সালমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহরাব হোসেনের মোবাইলে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কাজ শেষ করে ফেলেছেন বলে ফোন কেটে দেন।
উপজেলা এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম অনিয়মের কথা অস্বীকার করে বলেন, নির্মাণাধীন ওই রাস্তার ৪০ ভাগ কাজ শেষ করা হয়েছে। তিনি আরো বলেন, ১২ ফিট (৩.৭ মিটার) রাস্তাটি নির্মাণে মাটির কাজ শেষে ছয় ইঞ্চি বালু দেয়ার পর পানি দিয়ে রুলার দিয়ে ফিনিশিং করে ছয় ইঞ্চি ইটের খোয়া দেয়ার নিয়ম রয়েছে এবং সার্বিক কাজ শেষে এক ইঞ্চি কার্পেটিংয়ের কাজ করা হবে। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।



