লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসাছাত্রী রোজিনা আক্তারকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে আরো ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন কৈয়লা, আঁখি আক্তার রুমা, হুমায়ুন কবির ও মোহাম্মদ বাহার। এর মধ্যে আনোয়ার ও আঁখি আদালতে উপস্থিত ছিলেন। অপর দু’জন পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১১ ডিসেম্বর জেলার রায়পুর পৌর শহরের পশ্চিম কেরোয়া এলাকার মাদরাসাছাত্রী রোজিনা পরীক্ষা শেষে বিকেলে বাসায় ফিরছিল। এ সময় পুরাতন পৌরসভা কার্যালয় ভবনের সামনের সড়কে রোজিনার প্রেমিক আনোয়ারের সহযোগী আঁখি অপেক্ষা করছিলেন। আনোয়ারের কাছ থেকে পাঁচ হাজার টাকার নিয়ে আঁখি রোজিনাকে ফুসলিয়ে পার্শ¦বর্তী বাগানের দিকে নিয়ে যায়। সেখানে আনোয়ারসহ আরো তিন সহযোগী ছিল। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেয় আনোয়ার। রোজিনা এ প্রস্তাব প্রত্যখ্যান করলে তারা ধস্তাধস্তি করে রোজিনাকে গাছের সাথে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদি হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ জুন চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।