নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না সেটা আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। কেউ যদি না আসে তার জন্য নির্বাচন বন্ধ থাকবে না। আমরা চাইব সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচন বন্ধ থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই জনগণের অধিকার জনগণ প্রতিষ্ঠা করবে। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এমন একটা স্লোগান এক সময় চলছিল, আমরা সেই জায়গায় আবার ফিরে যেতে চাই। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলব। একাধিক বার আমন্ত্রণ জানাব। তারা আসবে কি আসবে না তা বলা মুশকিল। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। পরিস্থিতি কখন কি হয় কেউ বলতে পারে না। তবে প্রত্যেকের সমস্যাগুলো শুনব, সমস্যা সমাধানের চেষ্টা করব। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো। কেউ যদি না আসে তার জন্য নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন বন্ধ থকলে গণতন্ত্র বিপন্ন হবে। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
ইভিএম-এ আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ৩০০ আসনে নির্বাচন ইভিএমে করার মতো এখনো প্রস্তুতি বা সামর্থ্য আমাদের নেই। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি ইভিএম নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন রকমের কথা আছে। এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (যুগ্ম সচিব) মোস্তফা ফারুক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা পরিষদের সচিব শামীম হোসেন, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।



