বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর ডজন খানেক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রগুলো দায়ের করেন স্থানীয় প্রায় অর্ধশত স্বাস্থ্য মাঠকর্মী।
অভিযোগের বিষয়বস্তু হচ্ছেÑ ওই কর্মকর্তা টাকা ছাড়া কোনো কাজ করেন না। সব ধরনের বিল-ভাউচারে তাকে ৩৫-৫০ টাকা ঘুষ দিতে হয়। তার বিরুদ্ধে অশালীন ব্যবহার, স্টাফদের হয়রানি ও চাকরিচ্যুতির হুমকিসহ আরো নানাবিধ অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেতাগী উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে আমার কাছেও একাধিক অভিযোগ এসেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে আরো অভিযোগ যে, তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোশাকের জন্য প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সত্য নয়। আমার অধীনস্থ কিছু কর্মকর্তা ও কর্মচারী তাদের স্বার্থ হাসিল করতে পারছে না বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।