কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের ফলার আঘাতে জসিম উদ্দীন (৩৮) নামে এক চাচাতো ভাই খুন হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জসিম ঝাউদিয়া গ্রামের মৃত পাথার উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, ঝাউদিয়া গ্রামের বাসিন্দা জসিমের সাথে তার চাচাতো ভাই লালনের একটি বাঁশঝাড় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই ঝাড়ের বাঁশ কাটা নিয়ে লালনের সাথে জসিমের ঝগড়া হয়। এরপর লালনের লোকজন জসিমের ওপর হামলা করে। এ সময় জসিমের হাতে থাকা ফলার আঘাতে জসিম গুরুতর জখম হয়। সাথে সাথে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন। এ সময় ফলাবিদ্ধ হয়ে জসিমের স্ত্রীসহ আরো কয়েকজন আহত হয়েছে।
নিহত জসিমের স্বজনরা জানায়, লালন ও তার দুই ছেলে হামলায় অংশ নেয়। ফলা মেরে জসিমকে আহত করে। এ সময় তার স্ত্রীসহ কয়েকজন ঠেকাতে এলে তাদেরও ফলা মারা হয়। এর মধ্যে জসিমের স্ত্রীর শরীরে ফলা লেগে জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাঁশঝাড় নিয়ে চাচাতো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। এ নিয়ে সকালে তাদের মধ্যে মারামারি হয়। এতে জসিম মারা যায়। তার স্ত্রীসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।