শ্বশুরের কাছে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনি আক্তার (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত স্বামী জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, আট বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় মনি ও জামালের। তাদের সংসারে সাত বছর ও দেড় বছরের দু’টি মেয়ে আছে। তিন মাস আগে মনির বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে সেই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। গত শুক্রবার রাতে শ্বশুরের কাছে সেই পাওনা টাকা চাইলে মনি ও তার বাবার সাথে জামালের কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাল রাতে মনিকে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর জামালের পরিবারের লোকজন পালিয়ে গেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ। মনি আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।