বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, যুগোপযোগী শিক্ষা ছাড়া আগামী প্রজন্মকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী প্রজন্মের নেতৃত্ব দেয়ার জন্য নিজেদের সুশিক্ষায় ও আর্দশবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গত শনিবার বিকেলে নোয়াখালীর চাটখিলের সোমপাড়া কলেজের রজতজয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি সোমপাড়া কলেজ যারা প্রতিষ্ঠিত করে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ কায়কোবাদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডা: বিগেডিয়ার জেনারেল (অব:) এ বি এম সাইদ হোসাইন, দাতা সদস্য আনোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মোতাছেম বিল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন। এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর প্রমুখ।