লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। আসামি রাশেদ রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের আলী হায়দারের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সুমির সাথে রাশেদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সব সময় সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিয়ের ছয় মাসের মাথায় ৩ মে দিবাগত রাতে ঘুমের মধ্যে হঠাৎ সুমি মারা যান বলে স্বামী রাশেদ শ্বশুরবাড়িতে খবর দেয়। পরে ভিকটিমের মা থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করে।
ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার ঘটনা তুলে ধরে একই বছরের ৭ জুলাই রায়পুর থানায় মামলা দায়ের করেন নিহতের মা হাজেরা বেগম। পরে একই বছরের ১৯ অক্টোবর পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।