নিঝুম দ্বীপ থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণের গভীর সমুদ্রে চরফ্যাশনের কুকরি-মুকরী ইউনিয়নের একটি জেলে ট্রলারের জালে বিরল প্রজাতির একটি সামুদ্রিক কাছিম ও একটি ডলফিন ধরা পড়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে জেলেরা সমুদ্র থেকে ফিরে আসার সময় ট্রলারের সাথে থাকা জালে ৩০ কেজি ওজনের কাছিম ও প্রায় ৯০ কেজি ওজনের একটি ডলফিন আটকে যায়। জাল টেনে ওঠানোর সময় দুটিকেই জীবিত উদ্ধার করেন ওয়ার্ল্ড ফিসের প্রশিক্ষণপ্রাপ্ত জেলে এনায়েত হোসেন। পরবর্তীতে তারা কাছিম ও ডলফিন দুটি সমুদ্রে অবমুক্ত করে দেন। ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের ইকোফিস-২ এর সহকারী গবেষক মোনাইম হোসাইন বলেন, কাছিমটি ওলিভ রিডলি ও ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে জানতে পেরেছি। কাছিমটির ওজন ৩০ কেজি ও ডলফিনটি ছিল প্রায় ৯০ কেজির মতো। তিনি আরো বলেন, ইউএসএআইডি’র আওতায় নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকায় এনায়েত হোসেনসহ আমাদের ১০জন সিটিজেন সাইন্টিস্ট মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে আসছেন।