চুয়াডাঙ্গায় চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রাশেদুজ্জামান শান্ত (৩৫) নামে এক প্রতারককে সহযোগীসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে প্রতারণার ১৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বুধবার রাত সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক শান্ত আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের মৃদুল হোসেনের ছেলে। এ ছাড়া শান্তর সহযোগী আটক কাঠমিস্ত্রি বিল্লাল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে। কাবিলনগর গ্রামের আবদুল লতিফ তার নামে ডিবি পুলিশে অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তাকে সহযোগীসহ আটক করা হয়।
জানা গেছে, প্রতারক শান্ত দীর্ঘ দিন ধরে নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে নিজের আত্মীয়স্বজনসহ বিভিন্নজনের কাছ থেকে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে আসছিল। শান্ত বিজিবিতে কুক পদে চাকরি করলেও বেশ কয়েক বছর আগে তার চাকরি চলে যায়। শান্ত চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিলাসি জীবনযাপন করত।
শান্তর সেকেন্ড ইন কমান্ড বিল্লালই ফোনে কথা বলা এবং টাকা লেনদেন করতো। দরিদ্র পরিবারের লোক হলেও শান্ত চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় ৩৮ লাখ টাকার জমি ও ৫৮ লাখ টাকা দিয়ে চারটা বাড়ি কেনে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সে প্রতারক চক্র গড়ে তুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।



