লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা ও ভুয়া ডাক্তার দিয়ে গর্ভপাতের অভিযোগে গাজীপুরে জনসেবা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে মহানগরের মিরেরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ভুয়া ডাক্তার দিয়ে গর্ভপাত এবং লাইসেন্স ছাড়া জনসেবা স্বাস্থ্যকেন্দ্রের ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছিল। ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। খবর পেয়ে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে রোগীর গর্ভপাত করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এজন্য পরিচালক জাহানারা খাতুনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয় ও জরিমানা করা হয়।