নরসিংদীর মনোহরদীতে ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজ শুরু হলেও শেষ হয়নি দেড় বছরেও। দীর্ঘ দিন কাজ পড়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।
রাস্তাটি উপজেলার শুকুন্দী ইউনিয়নের উত্তর নারান্দী এলাকা থেকে শুরু হয়ে উত্তর নারান্দী ঈদগাহ গিয়ে শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে রাস্তাটি এখনো পাকা হয়নি। তাই এই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। অন্য দিকে উপজেলা প্রকৌশলী বলছেন, দ্রুত কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে এ রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। দোয়েল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ রাস্তা পাকা করার দায়িত্ব পায়। কাজ শুরুর কিছুদিনের মধ্যে রাস্তা কেটে বালু ও ইটের খোয়া ফেলা হয়। এরপর থেকে কাজ থেমে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো শেষ করেনি। এখন এ রাস্তা দিয়ে পথচারীদের চলাচল করা খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি এলেই পানি জমে যায় রাস্তার ছোট-বড় গর্তে। তখন ভোগান্তি আরো চরমে ওঠে।
কফিল উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আমরা কইলে তো দোষ হবো। কোনো মানুষ যে এই রাস্তার কাম পাইছে, আল্লায় ভালো জানে। যেতে কামডা করতাসে, হেতার তো কোনো খবরই নেই।’
এ বিষয়ে জানতে একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর মোবাইল ফোনে কল করা হয়। ফোন বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম বলেন, আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে একাধিকবার কথা বলেছি। রাস্তাটির নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগাদা দিয়েছি। আশা করি, ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণ শেষ করবে।
দেড় বছরেও শেষ হয়নি ৫০০ মিটার রাস্তা পাকা করার কাজ
নরসিংদীর মনোহরদীতে ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজ শুরু হলেও শেষ হয়নি দেড় বছরেও। দীর্ঘ দিন কাজ পড়ে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ। রাস্তাটি...



