নোয়াখালীর চাটখিল কামিল মাদরাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে নবগঠিত কমিটির সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে মাদারাসা বোর্ডের চেয়ারম্যান বরাবরে গত বুধবার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটির কয়েকজন গোপনে নতুন একটি কমিটি করে অনুমোদনের জন্য মাদরাসা বোর্ডের চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়। মাদারাসা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনের পর গত সোমবার (২৩ মে) প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত কমিটির সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল বিভিন্ন সূত্রে জানতে পারেন তাকে কমিটির সভাপতি করা হয়েছে। অথচ তিনি প্রথম সভা বিষয়ে কিছুই জানেন না। এ বিষয়ে পদত্যাগকারী সভাপতি ও ১নং শাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ হায়দার সোহেলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিগত ইউপি নির্বাচনের সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চাটখিল কামিল মাদরাসার তৎকালীন সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর সাজ্জাদ হায়দার থেকে তার শিক্ষা সনদের ফটোকপি নিয়েছেন। কিন্তু মাদরাসা কমিটি গঠনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। কমিটি গঠনের পর প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর তিনি জানতে পারেন তাকে সভাপতি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কামিল মাদরাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সাজ্জাদ হায়দার সোহেলের সম্মতিক্রমেই তার কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। এখন কেনো তিনি পদত্যাগ করেছেন তিনিই ভালো জানেন।