মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝিতে অবস্থিত ঢাকা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলামের বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম ঢাকা চিকিৎসাধীন। তার তিন ছেলে চাকরির সুবাধে ঢাকা ও চট্টগ্রামে থাকেন। বাড়িতে থাকেন শুধু তিন গৃহবধূ ও নাতি-নাতনিরা। এ সুযোগে রাতে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে মুখোশধারী ৮-১০ জন ডাকাত। তারা শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৪৫ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচ লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।