রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রামের পাড়ায় পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মৈদংয়ের আমতলা গ্রামে রাঙাবি চাকমা নামে (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই গ্রামে ৬০-৭০ জন বৃদ্ধ, শিশু ও নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে দাবি পাড়াবাসীর। আক্রান্তদের সেবা দিতে দুর্গম এলাকায় কাজ করছে জুরাছড়ি স্বাস্থ্য বিভাগের পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম। জুরাছড়ির একটি মেডিক্যাল টিম শুক্রবার সন্ধ্যায় ৭০ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। তাদের মধ্য থেকে ১০ জনকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।
মৈদংয়ের আমতলা বাদল হাটছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঙ্গল চাকমা বলেন, গেল কয়েক দিন দফায় দফায় বৃষ্টি হওয়ার পর ডায়রিয়া দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: অনন্যা চাকমা জানান, মৈদং ইউনিয়নসহ কিছু কিছু পাড়ায় ডায়রিয়ায় আক্রান্তের খবর পেয়েছি। শুক্রবার থেকে একটি মেডিক্যাল টিম আক্রান্ত এলাকায় ইতোমধ্যে চিকিৎসাসেবা শুরু করেছে। প্রয়োজনে আরো মেডিক্যাল টিম পাঠানো হবে বলে তিনি জানান।