জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানসহ ওই পরিবারের ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে। এতে চারজন বেধড়ক মারধরে আহত হলে লিখিত অভিযোগের পরও থানায় নেয়া হয়নি মামলা। ফলে প্রতিপক্ষের ভয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের প্রবাসী আতাউর রহমানের স্ত্রী সুফিয়া বেগম দুই ছেলেসহ পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী সুফিয়া অভিযোগ করে জানান, তার স্বামী দীর্ঘ দিন ধরে সৌদি আরব থাকেন। স্বামীর বড় ভাই তাজুল ইসলামের কাছ থেকে তারা বাড়ি সংলগ্ন কিছু জমি কেনেন। তার স্বামী বিদেশ থাকার সুযোগে গত ৬ মে সেই জমির ভেতর দিয়ে তাদেরকে জিম্মি করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাদের পরিবারের ওপর হামলা হয়। এতে বাড়ির দরজা-জানালা ভাঙচুরসহ দুই লাখ টাকা ক্ষতি করে অভিযুক্তরা। সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলী) তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে গেলে পুলিশ তাদের থানায় পাঠিয়ে দেয়। আহতরা পুলিশের পরামর্শক্রমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলী) তদন্তকেন্দ্রের এসআই আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সময় দেয়া হয়েছে। মীমাংসা না হলে মামলা নেয়া হবে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।