মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরেই এ ঘটনা ঘটে।
মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়। এতে স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের বাণী দেয়ার সিদ্ধান্ত হয়। এর সাথে রাজনৈতিক নেতাদের বাণী যোগ করতে বলে কলেজ শাখা ছাত্রলীগের একাংশ। বিষয়টিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পদক ফরিদ সরদারের নেতৃত্বে অধ্যক্ষ প্রফেসর জামান মিয়ার কক্ষ ঘেরাও দেয়া হয়। পরে অধ্যক্ষের কক্ষও ভাঙচুর করা হয়।
অভিযুক্ত ফরিদ সরদার বিষয়টি অস্বীকার করে বলেন, শিক্ষকদের কাছে পাওনা টাকার জেরে শিক্ষার্থীরা এ ঘটনার ঘটিয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) এ এইচ এম সালাউদ্দিন বলেন, অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ দিলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



