শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে অন্তত ৪৫ যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। ভেদরগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২৮ জন যাত্রী আহত হলে তাদেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে এসেছি। বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ২৮ জন যাত্রী আহত হন। স্থানীয়দের নিয়ে আমরা কিছু যাত্রীদের উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ প্রসঙ্গে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে আমাদের আসার আগে স্থানীয়রা আহত কিছু যাত্রীকে উদ্ধার করেছেন।