কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী এলাকায় ধনু নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এক শিশু।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এলংজুরী বাজার ঘাটের অদূরে এই নৌকাডুবি ঘটে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান মোল্লা নয়া দিগন্তকে এসব তথ্য জানান।
মৃত নারীর নাম মহল বেগম (৪৮)। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী। আর নিখোঁজ শিশুর নাম সোহান (৩)। সে একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চামড়াঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। পথে এলংজুরি ঘাটের কাছে ঢেউয়ের তোড়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও এক নারী ও এক শিশু নৌকার ভেতরে আটকা পড়ে।
পরে স্থানীয় লোকজন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকার ভেতরে থাকা নারীর লাশও উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি নিখোঁজ ছিল। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছিল।



