দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন (২৪) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ-বিরামপুর সড়কের নবাবগঞ্জ উপজেলাধীন শওগুনখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন হোসেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, লিমন মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে বিরামপুর যাওয়ার সময় ওই স্থানে গরুর সাথে ধাক্কা লেগে পড়ে যান। এমতাবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি লিমনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেয়া হয়। দিনাজপুরে যাওয়ার পথে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় পুলিশ ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে যান।



