বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগের মামলায় স্বামী রতন বণিককে (৪০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি।
রতন বণিক বরগুনা পৌর শহরের বাবুল বণিকের ছেলে। তিনি কমলাপুরে কাস্টমস শুল্ক কর আদায়কারী প্রতিষ্ঠান আইসিডির ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জগদীশ বণিকের মেয়ে বিথী বণিকের সাথে বরগুনা শহরের ব্যবসায়ী বাবুল বণিকের ছেলে রতন বণিকের বিয়ে হয়। বিয়ের সময় নগদ পাঁচ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার যৌতুক দেয়া হয়। বিয়ের দুই বছর যেতে না যেতেই যৌতুকের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, আদালতের নির্দেশে আসামিদের বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।