গাজীপুর মহানগরের টঙ্গীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাইলিং কাজের লোহার পাইপের আঘাতে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম আজিজুল মুন্সী ইকবাল। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবা ইয়াসিন মুন্সী রঙ মিস্ত্রি ও মা আজিদা একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্যা থানার মাস্টারহাট গ্রামে। তারা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডের শামসুল আলমের বাড়িতে ভাড়া থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন আবাসিক ভবন সফিউদ্দিন টাওয়ারের পাইলিং কাজ শেষে সকাল ১১টায় নির্মাণ শ্রমিকরা লোহার পাইপ তুলে পাশেই সড়কের ওপর রাখছিলেন। এ সময় একটি পাইপ ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আজিজুলের মাথায় গিয়ে পড়ে। এতে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আজিজুল। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিককে আটক করে এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, রাস্তার পাশে দুর্ঘটনা প্রতিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা না রেখেই ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ কাজ করছিল হাইভিশন নামের একটি ডেভেলপার কোম্পানি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিককে আটক করে থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য নিহত শিশুর লাশ মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গীতে লোহার পাইপ পড়ে প্রাণ গেল সাত বছরের শিশুর
গাজীপুর মহানগরের টঙ্গীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাইলিং কাজের লোহার পাইপের আঘাতে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে...



