ঢাকা থেকে বগুড়ায় মাইক্রোবাসে নানাবাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মারদিয়া নামে ১৫ দিন বয়সী এক নবজাতক নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে।
তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে তার স্ত্রী ও নবজাতক জমজ দুই শিশু এবং দুই শ্যালিকাকে নিয়ে আকাশতারা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় রেলগেটে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন ক্রসিংয়ের জন্য রেল লাইনের পাশে মাইক্রোবাসটি থামানো হয়। কিন্তু সেখানে কোন রেলগেইট না থাকায় মাইক্রোবাস রেল লাইনের পাশ ঘেষে দাঁড় করানো ছিল, এতে ট্রেনের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে আটকে যায়। পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা সবাইকে উদ্ধার করে। এতে হাসপাতালে নিলে নবজাতক মারদিয়া মারা যায় এবং মিন্টু গুরুতর আহত হন। এস আই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন।



