পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইন্দাচুল্লি গ্রামে মো: রাব্বুল (২৩) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রাত নয়টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে বাড়ির দক্ষিণ পাশে মৃতভেবে একটি গর্তে ফেলে রেখে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। আহত রাব্বুল উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামের মো: ইমান আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে রাব্বুল বাড়ি থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে গ্রামের দক্ষিণ দিকে খোলা জায়গায় যায়। এসময় অন্ধকারে ওৎ পেতে থাকা ইন্দাচুল্লি গ্রামের মো: হাদিস মিয়ার ছেলে মামুন (২৫), ও তার শ্যালক কন্ডপখালী গ্রামের তাজুল ইসলামের ছেলে হিমেল (২৪)সহ আরো কয়েকজন মিলে রাব্বুলের মাথা, হাত, ও পায়ে ছুরি ও রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে অজ্ঞান অবস্থায় মৃত নিশ্চিত ভেবে একটি গর্তে ফেলে রেখে যায়।