গাজীপুর মহানগরের টঙ্গীতে ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের (রেজি: নং ৩৭৬) কর্মকর্তা দুই শতাধিক গ্রাহকের প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লাকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার কয়েকজন গ্রাহক ৬৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেনসহ সমিতির তিন কর্মকর্তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা: খায়রুল বাশারসহ সব কর্মকর্তা একই পরিবারের সদস্য। তারা অধিক মুনাফার প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করত এবং উপজেলা সমবায় কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধ উপায়ে সমিতির কর্মকাণ্ড পরিচালনা করত। গ্রেফতারকৃত সাধারণ সম্পাদক আলমগীর সমিতির সভাপতি খায়রুল বাশারের শ্যালক। খায়রুল বাশার টঙ্গী দত্তপাড়া জহির মার্কেট এলাকায় শ^শুর বাড়িতে থেকে সমিতির কর্মকাণ্ড পরিচালনা করত। সম্প্রতি তিনি গ্রাহকদের টাকা আত্মসাৎ করে সস্ত্রীক গা ঢাকা দেয়। গ্রাহকরা বহু চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে অবশেষে থানায় মামলা দেন। মামলায় সমিতির সভাপতি খায়রুল বাশার, সহসভাপতি তার স্ত্রী মরিয়ম খাতুন ও সাধারণ সম্পাদক শ্যালক আলমগীর হোসেন মোল্লাকে আসামি করা হয়।